অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও বেকারীতে জরিমানা

নারায়ণগঞ্জের বন্দরে অভিযানে অপসারণ করা অবৈধ গ্যাস পাইপ
নারায়ণগঞ্জের বন্দরে অভিযানে অপসারণ করা অবৈধ গ্যাস পাইপ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৮০০টি আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসন। একই অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) জোনাল বিক্রয় অফিস-বন্দর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল।

অভিযানে উপজেলার চিরাইপাড়া, লাঙ্গলবন্দ, জাঙ্গাল ও কেওডালা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানের প্রথম ধাপে চিরাইপাড়া-লাঙ্গলবন্দ এলাকায় প্রায় ৩০০টি ডাবল বার্নারের অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব সংযোগের আনুমানিক লোড ছিল ঘণ্টায় ৬ হাজার ৩০০ ঘনফুট। এ সময় প্রায় ৩৫০ ফুট বিভিন্ন মাপের এমএস পাইপ ও একটি ভাল্ব অপসারণ করা হয়।

চিরাইপাড়া-জাঙ্গাল এলাকায় ঢাকা সিয়াম বেকারিতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বেকারিতে দুটি ওভেন ও দুটি ডাবল বার্নার ব্যবহারের তথ্য পাওয়া যায়। সেখান থেকে ৩০ ফুট এমএস পাইপ ও একটি বুস্টার জব্দ করা হয়।

এ ছাড়া কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে ৫০০টি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব সংযোগের আনুমানিক লোড ছিল ঘণ্টায় ১০ হাজার ৫০০ ঘনফুট। এ সময় তিন ইঞ্চি ব্যাসের প্রায় ৭০ ফুট এমএস পাইপ অপসারণ করা হয়।

অভিযান চলাকালে অবৈধ বিতরণ লাইনের উৎসস্থলও বিচ্ছিন্ন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, স্পট-১ ও স্পট-২-এর অবৈধ লাইনগুলো মাটির প্রায় ১৫ ফুট নিচে থাকা মূল চার ইঞ্চি লাইনের সঙ্গে সংযুক্ত ছিল। এসব সংযোগের উৎসস্থল বিচ্ছিন্ন করার পাশাপাশি বিভিন্ন পয়েন্টে অবৈধ গ্যাস ব্যবহারে থাকা প্রায় ২০০ ফুট হোস পাইপ কেটে দেওয়া হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাস চুরি বন্ধ এবং সিস্টেম লস কমাতে বন্দরে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Muktomon/TA