প্রধানমন্ত্রীর নির্দেশে টাঙ্গাইলের গ্রামে আধুনিক খেলার মাঠ

 টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের খেলার মাঠ সম্প্রসারণের উদ্যোগ।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের খেলার মাঠ সম্প্রসারণের উদ্যোগ।

মুক্তমন রিপোর্ট : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের খেলার মাঠ সম্প্রসারণে জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রামবাসীর উদ্যোগে মাঠের জন্য জমি কেনার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তাঁর বিশেষ নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (১ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, বাবুপুরবাসীর উদ্যোগের ভিডিও ফুটেজ গতকাল প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তাঁর নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও দেলদুয়ারের উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

আমিনুল হক বলেন, গ্রামবাসীর উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাঠের পাশে আরও জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাবুপুরের শিশু-কিশোর ও তরুণদের জন্য একটি পরিপূর্ণ ও আধুনিক খেলার মাঠ গড়ে তোলা সম্ভব হবে।

প্রায় সাড়ে তিন হাজার মানুষের বসবাস বাবুপুর গ্রামে। এতদিন সেখানে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য কোনো স্থায়ী মাঠ ছিল না। এ পরিস্থিতিতে গ্রামের তরুণ ও উদ্যোক্তারা মাঠ তৈরির উদ্যোগ নেন। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত আর্থিক সহযোগিতায় তাঁরা নিজেদের অর্থায়নে মাঠের জন্য ৫৯ শতাংশ জমি কেনেন। জমির মালিকও এক শতাংশ জমি বিনামূল্যে দান করেন। পরে বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সরকারের নীতিনির্ধারকদের নজরে আসে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাঠ সম্প্রসারণে প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকার একটি সামগ্রিক বাজেট উপস্থাপন করা হয়েছে। সম্ভাব্যতা যাচাই শেষে দ্রুত কাজ শুরুর পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সুস্থ ও সুন্দর যুবসমাজ গঠনে খেলার মাঠের বিকল্প নেই। এ জন্য দেশের প্রতিটি ইউনিয়নে মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। বাবুপুরের উদ্যোগ অন্য গ্রামগুলোকেও খেলাধুলার পরিবেশ তৈরিতে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। স্থানীয় মানুষের অংশগ্রহণের মাধ্যমে সারা দেশে খেলাধুলার সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

Muktomon/TA