চ্যাম্পিয়নস ট্রফি হকিতে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফি হকিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলছে বাংলাদেশ দল।
চ্যাম্পিয়নস ট্রফি হকিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলছে বাংলাদেশ দল।

 চ্যাম্পিয়নস ট্রফি হকিতে বড় ব্যবধানে হারের ধারা থেকে বের হতে পারছে না বাংলাদেশ। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে পরাজিত হয়েছিল দলটি।

ম্যাচের প্রথম কোয়ার্টারেই ১-০ গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় তারা। তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল করে কোরিয়ানরা। শেষ কোয়ার্টারে একটি গোল হলে ৫-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রত্যাশিত লক্ষ্য পূরণ করতে পারেনি বাংলাদেশ। সপ্তম হয়ে দেশে ফেরার পর পাকিস্তান ভারতের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আগ্রহী না হওয়ায় টুর্নামেন্টে খেলার সুযোগ পায় বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের কাছে ১৩ গোল হজম করে বাংলাদেশ। এর আগে প্রায় চার সপ্তাহ আগে জাপানে এশিয়ান গেমসেও ১০ গোলের ব্যবধানে হেরেছিল দলটি। দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ১-০ গোলে হারলেও পরের দুই ম্যাচে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছে তারা।

চ্যাম্পিয়নস ট্রফিতে আগামীকাল চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। পাঁচ ম্যাচের লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। নিচের দুই দল লড়বে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। বর্তমান অবস্থায় বাংলাদেশের সামনে পঞ্চম স্থান অর্জনের লড়াইয়ে অংশ নেওয়ার সম্ভাবনাই রয়েছে।