সেন্টমার্টিনের কাছে ১০ হাজার কেজি সারসহ আটক ৯

সেন্টমার্টিনের কাছে কোস্ট গার্ডের অভিযানে জব্দ করা ১০ হাজার কেজি ইউরিয়া সার।
সেন্টমার্টিনের কাছে কোস্ট গার্ডের অভিযানে জব্দ করা ১০ হাজার কেজি ইউরিয়া সার।

মুক্তমন রিপোর্ট : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ নয়জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের একটি জাহাজ। ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় পরিচালিত এ অভিযানে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে বোটটি পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে সেটি আটক করে।

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। এ সময় পাচারকাজে জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা জানান, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Muktomon/TA