ফেনীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত, প্রযুক্তি ও দক্ষতায় গুরুত্ব

ফেনীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক
ফেনীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক

ফেনী প্রতিনিধি : উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রতিপাদ্যে ফেনীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের সভাপতিত্বে সভায় বক্তারা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে প্রশাসনিক ও অর্থনৈতিক সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিনির্ভর সেবার পরিধি বাড়াতে হবে।

তিনি বলেন, উদ্ভাবনী চিন্তাধারা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং জনগণের সেবার মান উন্নত করা সম্ভব।

সভায় উপস্থিত বক্তারা কৃষি, শিক্ষা ও শিল্প খাতে গবেষণার প্রসার, তরুণদের প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ এবং সার্বিক ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান জানান।

Muktomon/TA