ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬

৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টে আকিব আরাফাত খানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টে আকিব আরাফাত খানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মুক্তমন রিপোর্ট : ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৫ অক্টোবর) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

পুরস্কার বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন। এ ধরনের প্রতিযোগিতা দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে উইনার হওয়ার গৌরব অর্জন করেন এস এম আব্দুল্লাহ ফারাবী। রানারআপ হন কমোডর এ কে এম আফজাল হোসেন, বিএন। লেডিস উইনার হন মিসেস হাইজং উম এবং ম্যান রেগুলার ব্যাক নাইন উইনার হন আকিব আরাফাত খান।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টারমাস্টার জেনারেল ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। অনুষ্ঠানে টুর্নামেন্টের স্পন্সর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা, অংশগ্রহণকারী গলফার ও তাঁদের পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Muktomon/TA