মুক্তমন রিপোর্ট : দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। ক্রিকেট ও ফুটবল—দুই ইভেন্ট নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতা আগামী ২৫ অক্টোবর শুরু হবে। টুর্নামেন্টটি আয়োজন করছে এবিজি স্পোর্টস সিটি।
প্রতিযোগিতা সামনে রেখে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর অধিনায়কদের সম্মেলন।
সম্মেলনে ১০টি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দলের অধিনায়ক, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় টুর্নামেন্টের প্রস্তুতি, খেলার নিয়মাবলি ও সূচি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রতিযোগিতার আনুষ্ঠানিক জার্সি উন্মোচন এবং খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, ক্রিকেট ও ফুটবল—দুই বিভাগেই অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোকে দুটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা বাড়ানো, পারস্পরিক সম্প্রীতি জোরদার এবং প্রতিভাবান খেলোয়াড়দের সামনে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
টুর্নামেন্টে ক্রিকেট ও ফুটবলের জন্য পৃথকভাবে পুরস্কার দেওয়া হবে। প্রতিটি বিভাগের চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৫ লাখ টাকা।
এবিজি স্পোর্টস সিটির চেয়ারম্যান সায়েম সোবহানের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো রাতের ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
অধিনায়ক সম্মেলনে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, অ্যাডভাইজার মো. লিয়াকত হোসেন ও মো. নজমুল আলম ভূঁইয়া, টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভীর উল ইসলাম এবং অপারেশনস ম্যানেজার (ফুটবল) সালমান হাসান ও অপারেশনস ম্যানেজার (ক্রিকেট) ইকরাম হোসেন রাফি।
এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, এ টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে দলগত সম্প্রীতি গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখতে পারে বলে আয়োজক ও অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা মনে করেন।
Muktomon/TA