মুক্তমন রিপোর্ট : বলিউডের জনপ্রিয় গান ‘বেবি ডল’-এর গায়িকা কনিকা কাপুরের দ্বিতীয় দাম্পত্য জীবনেও বিচ্ছেদ ঘটেছে। চার বছরের সংসার জীবনের ইতি টানার সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন এই শিল্পী।
বুধবার (৪ নভেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বিবৃতিতে কনিকা জানান, অনেক চিন্তাভাবনা ও বিচার-বিবেচনার পর তিনি ও তাঁর স্বামী গৌতম হাথিরামানি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে স্বামীর সঙ্গে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন কনিকা। পাশাপাশি গৌতমের আগামী দিনের জন্য শুভকামনা জানান তিনি।
ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের বিষয়ে সবার সহানুভূতি ও সম্মান প্রত্যাশা করে কনিকা বলেন, তাঁরা জীবনের নতুন পথে এগিয়ে যাচ্ছেন। তাই তাঁদের ব্যক্তিগত পরিসরের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
তবে কী কারণে তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্ত, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানাননি এই গায়িকা।
লন্ডনপ্রবাসী ব্যবসায়ী গৌতম হাথিরামানির সঙ্গে কনিকার পরিচয় প্রায় ১৫ বছরের। দীর্ঘদিনের পরিচয়ের পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২২ সালের ২০ মে লন্ডনে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা।
এর আগে ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে লন্ডনপ্রবাসী ব্যবসায়ী রাজ চন্দকের সঙ্গে প্রথম বিয়ে হয় কনিকার। সেই সংসারে দুই মেয়ে আয়ানা ও সামারা এবং ছেলে যুবরাজের জন্ম হয়। ২০১২ সালে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ভারতে ফিরে সংগীতজগতে মনোযোগ দেন তিনি।
গৌতমের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে প্রথম সংসারের তিন সন্তানও উপস্থিত ছিল। ছেলে যুবরাজ মায়ের হাত ধরে তাঁকে বিয়ের মণ্ডপে নিয়ে যায়। দুই মেয়ে আয়ানা ও সামারাও অনুষ্ঠানে মায়ের পাশে ছিল।
২০১৪ সালে সানি লিওন অভিনীত ‘রাগিনী এমএমএস টু’ সিনেমার ‘বেবি ডল’ গান গেয়ে ব্যাপক পরিচিতি পান কনিকা। একই বছর শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার ‘লাভলি’ গানেও কণ্ঠ দেন তিনি।
এ ছাড়া ‘রয়’ সিনেমার ‘চিট্টিয়া কালাইয়া’, ‘এক পহেলি লীলা’র ‘দেশি লুক’, ‘অল ইজ ওয়েল’-এর ‘নাচন ফারাতে’ এবং ‘উড়তা পাঞ্জাব’-এর ‘দা দা দাসে’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন কনিকা কাপুর।
Muktomon/TA