মুক্তমন রিপোর্ট : চট্টগ্রামের সন্দ্বীপে নাব্যতা সংকটের কারণে প্রথম ট্রিপেই কাদায় আটকে গেছে সী-ট্রাক ‘এসটি নিঝুম দ্বীপ’। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে গুপ্তছড়া ঘাট থেকে বাঁশবাড়িয়া ঘাটে যাওয়ার পথে চরের মধ্যে আটকে পড়ে সী-ট্রাকটি। এ সময় এতে থাকা প্রায় ৩০০ যাত্রীকে লালবোটে করে তীরে নামিয়ে আনা হয়।
সন্দ্বীপ নৌরুটে দ্বিতীয়বারের মতো যুক্ত হওয়ার পর এটিই ছিল সী-ট্রাকটির প্রথম ট্রিপ। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ৩টার দিকে গুপ্তছড়া ঘাট থেকে বাঁশবাড়িয়ার উদ্দেশে যাত্রা শুরু করে সী-ট্রাকটি। বিকেল ৪টায় বাঁশবাড়িয়া থেকে আবার সন্দ্বীপে ফেরার কথা ছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই গুপ্তছড়া ঘাটের চরে আটকে যায় এটি।
নিয়মিত এই নৌরুটে যাতায়াত করেন আব্দুল করিম। তিনি বলেন, সন্দ্বীপে সী-ট্রাক চালু হওয়ায় যাত্রীরা খুশি হলেও চলাচলের উপযোগী করে ঘাটে ড্রেজিং করা হয়নি। নাব্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিং প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
সী-ট্রাকটির চালক ইকরামুজ্জামান বলেন, গত ফেব্রুয়ারিতে ভাটার সময়ও এখানে ৯ ফুট পানি ছিল। কিন্তু বর্তমানে পূর্ণ জোয়ারেও চলাচলে সমস্যা হচ্ছে। নাব্যতা সংকটের কারণে গুপ্তছড়া চ্যানেল থেকে বের হওয়া নিয়েও শঙ্কা ছিল বলে জানান তিনি।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী প্রকৌশলী রেজাউর রশিদ খন্দকার বলেন, শুক্রবার সকালে ঘাটে বয়া দেওয়া হবে। ড্রেজারের যান্ত্রিক ত্রুটির কারণে ড্রেজিং বন্ধ রয়েছে। ত্রুটি সারিয়ে শিগগিরই আবার ড্রেজিং শুরু হবে।
Muktomon/TA