খন্দকার সুমন :
একটি চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নেওয়ার পর খুব দ্রুতই নির্মাতা বুঝতে পারেন, গল্পের চেয়েও কঠিন আরেকটি কাজ সামনে অপেক্ষা করছে।
অর্থের ব্যবস্থা করা।
আমি নিজেও একসময় একটি চলচ্চিত্র নিয়ে প্রযোজকের দরজায় দরজায় গিয়েছি। প্রত্যেকবার মনে হয়েছে, এবার হয়তো কেউ চলচ্চিত্রটির সম্ভাবনাটা বুঝবেন। কিন্তু একের পর এক বৈঠকে যখন শুনতে হয়, “গল্পটা একটু বদলালে ভালো হয়”, “পরিচিত মুখ থাকলে সুবিধা হতো”, “বাজেটটা আরেকটু কমানো যায় না?”, তখন একসময় প্রশ্নটা আর প্রযোজককে নিয়ে থাকে না।
প্রশ্নটা এসে দাঁড়ায় নিজের কাছেই।
হয়তো ওরাই ঠিক বলছে?
হয়তো চলচ্চিত্রটিই ঠিক হয়নি?
এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক।
কারণ অর্থের প্রয়োজনের চাপে একজন নির্মাতা যদি ধীরে ধীরে বাজারের চাহিদাকে নিজের চলচ্চিত্রের সত্য বলে মেনে নিতে শুরু করেন, তাহলে অর্থের ব্যবস্থা হলেও চলচ্চিত্রটি আর আগের চলচ্চিত্র থাকে না।
তাই প্রযোজক খোঁজার বিষয়টি শুধু অর্থের বিষয় নয়। এটি বিশ্বাসেরও বিষয়।
প্রযোজক এমন একজন মানুষ, যার সঙ্গে আপনাকে শুধু বাজেট ভাগ করতে হবে না, চলচ্চিত্রটির সিদ্ধান্তও ভাগ করতে হবে। তাই কাউকে পাওয়াই লক্ষ্য হওয়া উচিত নয়। সঠিক মানুষটিকে খুঁজে পাওয়াই লক্ষ্য।
কীভাবে বুঝবেন?
প্রথমে তাঁর রুচি দেখুন।
তিনি আগে কী ধরনের চলচ্চিত্র করেছেন বা সমর্থন করেছেন, সেগুলো দেখুন। আপনার চলচ্চিত্রের ভাষা তাঁর কাছে অপরিচিত কি না, নাকি তিনি এই ভাষার সম্ভাবনা বুঝতে পারেন, সেটি গুরুত্বপূর্ণ।
তারপর তাঁর আর্থিক সক্ষমতা বুঝুন।
প্রতিশ্রুতি আর সক্ষমতা এক জিনিস নয়। চলচ্চিত্রটি শুরু করার মতো অর্থ থাকা যথেষ্ট নয়, শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার সক্ষমতাও দরকার।
দেখুন তিনি চলচ্চিত্র কতটা বোঝেন।
গল্প, নির্মাণ, দর্শক, উৎসব, মুক্তি কিংবা চলচ্চিত্রের দীর্ঘমেয়াদি সম্ভাবনা সম্পর্কে তাঁর ভাবনা কী? শুধু অর্থ থাকলেই কেউ ভালো প্রযোজক হন না।
সৃজনশীল স্বাধীনতার কথাও শুরুতেই বলুন।
শুটিং শুরু হওয়ার পর এই প্রশ্ন তোলা অনেক দেরি হয়ে যেতে পারে। কে কোন সিদ্ধান্ত নেবেন, কোথায় প্রযোজকের মতামত থাকবে, আর কোথায় নির্মাতার স্বাধীনতা থাকবে, তা শুরুতেই পরিষ্কার হওয়া দরকার।
তাঁর সঙ্গে কাজ করা নির্মাতাদের সঙ্গে কথা বলুন।
একজন প্রযোজক নিজের সম্পর্কে যা বলেন, তার চেয়ে তাঁর সঙ্গে কাজ করা নির্মাতাদের অভিজ্ঞতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ প্রযোজকের প্রকৃত চরিত্র বোঝা যায় কাজের সময়।
আর সবশেষে দেখুন, আপনার চলচ্চিত্রটির প্রতি তাঁর সত্যিকারের আগ্রহ আছে কি না।
তিনি কি শুধু একটি বিনিয়োগের সুযোগ দেখছেন, নাকি চলচ্চিত্রটি কেন তৈরি হওয়া দরকার, সেটিও বুঝতে চাইছেন?
কেউ রাজি হয়েছেন বলেই তাঁকে সঠিক প্রযোজক ভাববেন না।
আবার কেউ রাজি হননি বলেই ধরে নেবেন না যে আপনার চলচ্চিত্রটি ভালো নয়।
একজন প্রযোজক আপনার চলচ্চিত্রের ভাষা বুঝতে নাও পারেন। তাঁর বিনিয়োগের দর্শন আলাদা হতে পারে। তিনি হয়তো এই ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত নন। এসবের কোনোটিই আপনার চলচ্চিত্রের মূল্য নির্ধারণ করে না।
প্রত্যাখ্যানের পর তাই নিজের চলচ্চিত্রকে নতুন করে দেখুন, কিন্তু অন্যের চোখ দিয়ে নয়।
কারণ একজন নির্মাতার সবচেয়ে বড় ক্ষতি অর্থের অভাবে হয় না। কখনও কখনও সবচেয়ে বড় ক্ষতি হয়, যখন তিনি অন্যের সংশয়ের ভেতর দিয়ে নিজের চলচ্চিত্রকে দেখতে শুরু করেন।
তাই প্রশ্নটা শুধু এই নয়,
“কে আমার চলচ্চিত্রে টাকা দেবেন?”
প্রশ্ন করুন,
“কার সঙ্গে এই চলচ্চিত্রটি বানালে এটি তার নিজের ভাষায় জন্ম নিতে পারবে?”
সঠিক প্রযোজক হয়তো অর্থের ব্যবস্থা করবেন। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ, তিনি আপনার চলচ্চিত্রের ওপর আপনার বিশ্বাসটুকু নষ্ট করবেন না।
প্রযোজক খুঁজুন।
কিন্তু নিজের চলচ্চিত্রকে হারিয়ে নয়।
লেখক : চলচ্চিত্র নির্মাতা (লেখাটি ফেসবুক পাতা থেকে নেয়া)
লেখক : চলচ্চিত্র নির্মাতা (লেখাটি ফেসবুক পাতা থেকে নেয়া)