স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য ড্যাফোডিলে এআইবিষয়ক সেমিনার

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের এআই প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের এআই প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল

মুক্তমন রিপোর্ট : স্বাস্থ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও সম্ভাবনা নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সেমিনার ও প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটির বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমিনুল ইসলাম সেমিনার হলে ‘এআই ফর হেলথকেয়ার প্রফেশনালস’ শীর্ষক এ আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য অ্যাডভাইজার, স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং ড্যাফোডিল গ্রুপের ‘স্কিল জবস’-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

দুই মাসব্যাপী প্রশিক্ষণের প্রথম ব্যাচের সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী ও হাসপাতাল ব্যবস্থাপনার প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশনবিষয়ক উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. গিয়াস ইউ. আহসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য আকিব আরাফাত খান, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরী এবং জনস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ড. এ. বি. এম. আলাউদ্দিন চৌধুরী।

এ ছাড়া সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম এবং স্কিল জবসের বিজনেস হেড ও ডিআইইউর সিডিসির ইন্ডাস্ট্রিয়াল লিংকেজ প্রধান মনোয়ারুল ইসলাম রেবেল বক্তব্য দেন।

সেমিনারে স্বাস্থ্যসেবা খাতে এআইয়ের নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার, চিকিৎসাসেবার দক্ষতা বৃদ্ধি, পেশাজীবীদের সক্ষমতা উন্নয়ন এবং হাসপাতালের প্রয়োজন অনুযায়ী এআইভিত্তিক সমাধান তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকেরা জানান, স্বাস্থ্যসেবা পেশাজীবী ও প্রযুক্তি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং এআই ও পার্সোনালাইজড এজেন্টের ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনার সুযোগ তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের তৈরি সেরা তিনটি এআই এজেন্ট প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রশিক্ষণে সফলভাবে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ এবং বিশেষ অর্জনের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয়।