মুফিজুর রহমান নাহিদ : মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা যে সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা সমাধানে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউসে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলো সার্বক্ষণিকভাবে কাজ করছে। ওমানে বাংলাদেশি কর্মীদের ভিসা বাতিলসহ বিভিন্ন দেশের শ্রমবাজারে তৈরি হওয়া সমস্যাগুলো মধ্যপ্রাচ্যের সামগ্রিক সংঘাতের প্রভাবের সঙ্গে সম্পর্কিত বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে। পাশাপাশি বাংলাদেশি মিশনগুলো ক্ষতিগ্রস্ত প্রবাসীদের খোঁজখবর নেওয়া, হাসপাতালে যোগাযোগ, নিহতদের মরদেহ দেশে আনা এবং তাঁদের পরিবারের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার কাজ করছে।
মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা তথ্য ও আলোচনা হচ্ছে।
প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা ও আলোচনা করেন এমন ব্যক্তিদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে বলে জানান তিনি। সেখানে সরকারের পদক্ষেপ, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
তথ্য যাচাই না করে কোনো বক্তব্য বা প্রচারণা না চালানোর জন্যও তিনি আহ্বান জানান।
সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাদক ও চোরাচালানসহ দীর্ঘদিনের অনিয়ম বন্ধে সরকার কাজ করছে। এসব কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত ও সচেতন করা হবে।
পর্যটনকেন্দ্রগুলোর পরিবেশ ও সৌন্দর্য রক্ষার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও বিভিন্ন কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। বড় প্রকল্প বাস্তবায়নের আগে সম্ভাব্যতা যাচাই ও অর্থ বরাদ্দসহ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয় উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে উন্নয়নকাজ দৃশ্যমান হবে।
ডিসেম্বরের পর এসব উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও জানান মন্ত্রী।
আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের তিনটি উপজেলাসহ সারা দেশে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জনগণের সহযোগিতায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
সভায় সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Muktomon/TA