চিতলমারীতে ক্যাথলিক চার্চে চুরি, মা মারিয়ার মূর্তি উধাও

চিতলমারীর সেন্ট পিটার ক্যাথলিক চার্চে চুরির ঘটনা
চিতলমারীর সেন্ট পিটার ক্যাথলিক চার্চে চুরির ঘটনা

মুক্তমন রিপোর্ট : বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার ক্যাথলিক চার্চে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মা মারিয়ার একটি মূর্তি ও মূর্তির কপালে থাকা স্বর্ণের টিকলি চুরি হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ১২টা থেকে ভোর ৪টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের নতুন কালশিরা এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

চার্চ কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা চোর বা চোরেরা চার্চের বারান্দার দেয়ালের সঙ্গে স্থাপিত একটি বক্সের গ্লাস ভেঙে ভেতরে থাকা মা মারিয়ার মূর্তি ও স্বর্ণের টিকলি নিয়ে যায়।

বুধবার সকাল ৭টার দিকে চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম (৫৬) প্রতিদিনের মতো চার্চে গিয়ে মূর্তিটি দেখতে না পেয়ে বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয়দের নিয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া মূর্তির সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম চিতলমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি যাওয়া মূর্তি উদ্ধারে কার্যক্রম চালাচ্ছে পুলিশ।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বলেন, চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Muktomon/TA