মুক্তমন রিপোর্ট : রাজধানীর বনশ্রী-আফতাবনগর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে নির্মিত ২ নম্বর স্টিল ফুটব্রিজ জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ব্রিজটি উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
ডিএনসিসি প্রশাসক বলেন, বনশ্রী-আফতাবনগর এলাকার যোগাযোগব্যবস্থা সহজ করা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং মূল সড়কের যানজট কমানোর লক্ষ্যেই তিনটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ২ নম্বর স্টিল ব্রিজের নির্মাণকাজ দ্রুত শেষ করে জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে।
তিনি জানান, অন্য দুটি ব্রিজ নির্মাণে ভারী যন্ত্রপাতি বিদেশ থেকে আনতে হওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করে ২ নম্বর স্টিল ব্রিজের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ২ নম্বর স্টিল ফুটব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। মূল সড়কে যানজট কমানো এবং এমআরটি প্রকল্পের কাজ চলাকালে বিকল্প যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে পাশে আরও দুটি স্থায়ী ব্রিজ নির্মাণের কাজ চলছে। এসব ব্রিজ দিয়ে ভারী যানবাহনও চলাচল করতে পারবে।
ব্রিজটির রক্ষণাবেক্ষণে এলাকাবাসীর সহযোগিতা চেয়ে তিনি খালে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান। একই সঙ্গে ডিএনসিসির পক্ষ থেকে খালটি পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার কথা উল্লেখ করে প্রশাসক বলেন, শুধু বৃক্ষরোপণ নয়, নগরীর পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও জরুরি। এ কাজে আফতাবনগর ও বনশ্রীবাসীকে সিটি করপোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। নাগরিকদের নিয়মিত কর পরিশোধেরও আহ্বান জানান প্রশাসক।
ডিএনসিসি সূত্রে জানা যায়, সংস্থাটির অর্থায়নে এবং বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে মোট ৮৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে তিনটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ফরাজী হাসপাতালসংলগ্ন ২ নম্বর ব্রিজটির দৈর্ঘ্য ৪২ মিটার এবং প্রস্থ ৩ দশমিক ৮০ মিটার।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. রাকিব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, প্রকল্প পরিচালকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Muktomon/TA