মুক্তমন রিপোর্ট : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ফোন করে এক যুবককে ডেকে নিয়ে মারধর ও হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং ঘটনায় ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের রফিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে রবিউল হাসান ভূঁইয়া (২৫) এবং চট্টগ্রামের রাউজানের মৃত মহিউদ্দিনের ছেলে আদনান উদ্দিন (২৮)।
পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার বাগদাদ হোটেলের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জামাল উদ্দিন জিকু (২৭) অভিযোগ করেন, গাজী সারোয়ার শ্রাবণ নামের এক ব্যক্তি ফোন করে তাঁকে সেখানে ডেকে নেন।
পরে শ্রাবণসহ আরও দুই থেকে তিনজন একটি সাদা প্রাইভেটকার নিয়ে ঘটনাস্থলে আসেন। তাঁরা জামালের মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার সময় বাধা দিলে তাঁকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ে তাঁরা পালিয়ে যান।
এ ঘটনায় জামালের অভিযোগের ভিত্তিতে গত বুধবার বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরের পাঁচলাইশ থানার মমিনবাগ এলাকার নাহার ভবনের নিচতলা থেকে রবিউল ও আদনানকে গ্রেপ্তার করা হয়।
তাঁদের কাছ থেকে ভুক্তভোগীর ব্যবহৃত সুজুকি জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চট্টগ্রাম মেট্রো-ব-১২-১৫৮০ নম্বরের সাদা প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
Muktomon/TA