মুক্তমন রিপোর্ট : এল ক্লাসিকোর আগে রেফারিং নিয়ে চলমান বিতর্কে জড়াতে চান না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ম্যাচ পরিচালনায় রেফারিদের ওপর আস্থা প্রকাশ করে তিনি জানিয়েছেন, গণমাধ্যমে নতুন কোনো চটকদার শিরোনাম তৈরি হোক, তা চান না। বরং দলের প্রস্তুতিতেই মনোযোগ দিতে চান তিনি।
রোববার বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি পরিচালনা করবেন হুয়ান মার্তিনেজ মুনুয়েরা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালন করবেন জাভিয়ের ইগলেসিয়াস ভিলানুয়েভা।
এ নিয়ে পঞ্চমবারের মতো এল ক্লাসিকো পরিচালনা করতে যাচ্ছেন মুনুয়েরা। তাঁর পরিচালনায় আগের চার ম্যাচের তিনটিতে জিতেছে রিয়াল মাদ্রিদ, অন্যটিতে জয় পেয়েছে বার্সেলোনা।
ম্যাচের আগে রেফারিং নিয়ে আলোচনা বাড়লেও ফ্লিক জানিয়েছেন, ম্যাচ অফিসিয়ালদের ওপর তাঁর আস্থা রয়েছে। রেফারিদের ঘিরে চলমান বিতর্ক ম্যাচ পরিচালনায় প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো প্রভাব পড়বে না। আমি রেফারিংয়ে আস্থা রাখি এবং আমরা ভালো পর্যায়ের ম্যাচ পরিচালনা দেখতে পাব। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ খেলোয়াড়দের রক্ষা করা।’
রেফারিং নিয়ে রিয়াল মাদ্রিদের বিভিন্ন অভিযোগের প্রসঙ্গেও নতুন করে বিতর্কে জড়াননি বার্সা কোচ। তিনি জানান, সংবাদমাধ্যমে নতুন কোনো বিতর্কের শিরোনাম তৈরির সুযোগ দিতে চান না।
ফ্লিক বলেন, আমি আমার দলকে প্রস্তুত করার দিকেই মনোযোগ দিতে পছন্দ করি। এই বিষয়টা সংবাদপত্রের শিরোনামের সঙ্গে যুক্ত। আমি আর কোনো চটকদার শিরোনাম চাই না। আমি শুধু আমার দলের ওপর মনোযোগ দিতে চাই।
Muktomon/TA