বাংলাদেশ ফুটবল লিগে মোহামেডানের টানা চার জয়

বাংলাদেশ ফুটবল লিগে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ।
বাংলাদেশ ফুটবল লিগে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ।

মুক্তমন রিপোর্ট : বাংলাদেশ ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারিয়েছে দলটি। চার ম্যাচে চার জয়ে মোহামেডানের সংগ্রহ এখন ১২ পয়েন্ট।

ম্যাচের ২৯ মিনিটে সুলেমান দিয়াবাতের পাস থেকে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন শাহরিয়ার ইমন। বিরতির পর ৫২ মিনিটে ইমনের পাস কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াবাতে।

এর চার মিনিট পর দিয়াবাতের আরেকটি গোলে ব্যবধান ৩-০ করেন মুজাফফরভ। ম্যাচের ৮৬ মিনিটে আরিফ হোসেনের গোলে বড় জয় নিশ্চিত হয় মোহামেডানের।

চার ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পুলিশ এফসির খুব কাছাকাছি রয়েছে মোহামেডান। পাঁচ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পুলিশ। শনিবার মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পিডব্লুডিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।

লিগের আরেক ম্যাচে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগকে ৪-০ গোলে হারিয়েছে সিটি ক্লাব। দলের হয়ে জোড়া গোল করেন পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি ক্লাব।

Muktomon/TA