কার্বন বাজারে সহযোগিতায় বাংলাদেশ-সিঙ্গাপুরের সমঝোতা

তুরস্কের আনতালিয়ায় প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় কার্বন বাজার সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারকে সই করছেন বাংলাদেশ ও সিঙ্গাপুরের প্রতিনিধিরা।
তুরস্কের আনতালিয়ায় প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় কার্বন বাজার সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারকে সই করছেন বাংলাদেশ ও সিঙ্গাপুরের প্রতিনিধিরা।

মুক্তমন রিপোর্ট : প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় আন্তর্জাতিক কার্বন বাজারে সহযোগিতা জোরদার এবং জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ তৈরিতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর সিঙ্গাপুর প্যাভিলিয়নে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সিঙ্গাপুরের পক্ষে দেশটির সাসটেইনেবিলিটি ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মেলভিন অং (Melvin Ong) এতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের লক্ষ্য আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ বাড়ানো, কার্বন অর্থায়ন ও পরিবেশবান্ধব বিনিয়োগ সম্প্রসারণ এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে যৌথ উদ্যোগ নেওয়া। পাশাপাশি বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বাস্তবায়নেও এ সহযোগিতা ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্যারিস চুক্তির আওতায় সিঙ্গাপুরের সঙ্গে এ অংশীদারত্ব কার্বন অর্থায়নের নতুন সুযোগ তৈরি এবং উচ্চমানসম্পন্ন ও স্বচ্ছ কার্বন বাজারের বিকাশে সহায়ক হবে। বাংলাদেশের এনডিসি ৩.০ বাস্তবায়ন এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সিঙ্গাপুরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

সমঝোতা স্মারকের আওতায় দুই দেশ কার্বন ক্রেডিট-সংক্রান্ত তথ্য, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে সম্মত হয়েছে। পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে কার্বন নিঃসরণ কমানোর প্রকল্পে ভবিষ্যৎ সহযোগিতা বাড়ানোর বিষয়েও একমত হয়েছে দেশ দুটি।

এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন কার্বন বাজারের বিকাশ, জলবায়ুবান্ধব প্রযুক্তি হস্তান্তর, বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হতে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে দেশের নিম্ন-কার্বন উন্নয়ন কার্যক্রম ও জাতীয় জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনেও সহায়তা মিলতে পারে।

সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় আগামী বছর ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ-৩২ সম্মেলনে দুই দেশের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি (ইমপ্লিমেন্টেশন অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরের প্রত্যাশা রয়েছে। এ চুক্তির মাধ্যমে প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় সহযোগিতাকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Muktomon/TA