ম্যানইউর কোচিং স্টাফে প্রথম নারী সদস্য সিলভিয়া তুয়া

ম্যানচেস্টার ইউনাইটেডের সম্ভাব্য নতুন কোচিং স্টাফের সদস্য সিলভিয়া তুয়া ভিনাস।
ম্যানচেস্টার ইউনাইটেডের সম্ভাব্য নতুন কোচিং স্টাফের সদস্য সিলভিয়া তুয়া ভিনাস।

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিং স্টাফে বড় পরিবর্তন আসছে। নতুন কোচের সঙ্গে যুক্তরাষ্ট্র জাতীয় দলের টেকনিক্যাল স্টাফের কয়েকজন সদস্যও ইংলিশ ক্লাবটিতে যোগ দিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন স্প্যানিশ ক্রীড়া বিজ্ঞানী সিলভিয়া তুয়া ভিনাস। ক্লাবটির শতাধিক বছরের ইতিহাসে কোচিং বিভাগের ব্যাকরুম স্টাফে প্রথম নারী সদস্য হতে যাচ্ছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর বরাতে পর্তুগালের ‘আ বোলা’ জানিয়েছে, পচেত্তিনোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবেন আরও পাঁচজন। তাঁদের মধ্যে রয়েছেন সহকারী কোচ জেসুস পেরেজ ও মিগেল ডি’অগোস্তিনো, গোলকিপিং কোচ টনি হিমেনেজ, পচেত্তিনোর ছেলে সেবাস্তিয়ানো এবং ক্রীড়া বিজ্ঞান বিশেষজ্ঞ সিলভিয়া তুয়া ভিনাস।

এই সদস্যরা কয়েক বছর ধরে পচেত্তিনোর সঙ্গে কাজ করছেন। নতুন দায়িত্বেও তাঁরা তাঁর টেকনিক্যাল দলের অংশ হিসেবে থাকবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন পচেত্তিনো ও তাঁর টেকনিক্যাল স্টাফদের সঙ্গে জাতীয় দলের দায়িত্বের অবসানের বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১৮ নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন দায়িত্ব নেওয়ার কথা রয়েছে পচেত্তিনোর। তাঁর প্রথম বড় পরীক্ষা হতে পারে ২২ নভেম্বর লিভারপুলের বিপক্ষে ম্যাচ।

৪৬ বছর বয়সী সিলভিয়া তুয়া ক্রীড়া বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রিধারী। বার্সেলোনা বিশ্ববিদ্যালয় ও কাতালুনিয়ার জাতীয় শারীরিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন তিনি। শারীরিক প্রস্তুতি ও ক্রীড়া বিজ্ঞানে বিশেষ দক্ষতা রয়েছে তাঁর।

স্পেনের নারী ফুটবলের শীর্ষ লিগে লেভান্তের খেলোয়াড়দের শারীরিক প্রস্তুতির দায়িত্বেও ছিলেন তুয়া। ২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র জাতীয় দলের টেকনিক্যাল স্টাফে যোগ দেন তিনি। দেশটির পুরুষ জাতীয় দলের ব্যাকরুম স্টাফে প্রথম নারী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন এই ক্রীড়া বিজ্ঞানী।

Muktomon/TA