মুক্তমন রিপোর্ট : খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলা ও বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ৩২৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে ২৮৮ জন এবং বেসরকারি ক্লিনিকে ৪১ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩২ জনে। এ সময়ে মারা গেছেন ৪৫ জন।
বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৪০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে এ পর্যন্ত ১১ হাজার ১৪৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ৩০১ জনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ১০৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। এই হাসপাতালেই গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। খুলনা জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৬৪ জন এবং মারা গেছেন ৩৯ জন।
এ ছাড়া যশোরে ৭৪ জন, ঝিনাইদহে ২৪ জন, মাগুরায় ২১ জন, নড়াইলে ১৫ জন এবং বাগেরহাটে ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বাগেরহাটে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬২ জন এবং মারা গেছেন তিনজন। যশোরে মোট আক্রান্ত ১ হাজার ২৩৬ জন ও মৃত্যু হয়েছে দুজনের।
এ ছাড়া মেহেরপুরে আটজন এবং চুয়াডাঙ্গায় ছয়জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চুয়াডাঙ্গায় এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।
Muktomon/TA