মুক্তমন রিপোর্ট : অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সমুদ্রপথে নেওয়ার সময় ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়া একটি ট্রলার থেকে ৭৬ বাংলাদেশিকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নৌবাহিনী জানায়, সেন্টমার্টিন লাইট হাউস থেকে আনুমানিক ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামের একটি ট্রলার সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় আরেকটি ট্রলারকে ভাসতে দেখে। পরে সহায়তার জন্য কাছে গেলে ওই ট্রলারে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়। বিষয়টি নৌবাহিনীকে জানান এফভি ক্রিস্টাল-১-এর লোকজন।
পরে নৌবাহিনী অভিযান চালিয়ে ভাসমান ট্রলারটি উদ্ধার করে। এ সময় ট্রলারে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে ট্রলারে পানি ঢুকে পড়ায় যাত্রীদের জীবন ঝুঁকির মুখে পড়েছিল।
নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জনকে মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়। পরে তাদের আটক করা হয়। বাকি ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার প্রলোভনে প্রতারণার শিকার হয়েছেন বলে জানায় নৌবাহিনী।
নৌবাহিনীর তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া অধিকাংশ ব্যক্তিকে মানবপাচারকারী চক্রের সদস্যরা অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল। পরে তাদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সমুদ্রপথে নেওয়া হচ্ছিল।
নৌবাহিনী জানায়, দ্রুত অভিযান চালিয়ে ৭৬ জনকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা সম্ভব হয়েছে। ট্রলারের ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পানি প্রবেশ করায় সম্ভাব্য বড় দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি তৈরি হয়েছিল।
Muktomon/TA