টেন্ডারে স্বচ্ছতা ও তাঁতিদের স্বার্থরক্ষায় সংসদীয় কমিটির সুপারিশ

জাতীয় সংসদ ভবনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক।
জাতীয় সংসদ ভবনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক।

মুক্তমন রিপোর্ট : কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একই প্রতিষ্ঠানকে বারবার টেন্ডার না দিয়ে অন্য প্রতিষ্ঠানকেও কাজ দেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে প্রান্তিক তাঁতিদের কাছে সহজলভ্যে সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান মিয়া এমপির সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, প্রতিমন্ত্রী শেখ মো. শরীফুল আলম এমপিসহ কমিটির অন্যান্য সদস্য।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এস এম ফয়সল এমপি, মো. আব্দুল্লাহ এমপি, রেজেকা সুলতানা এমপি, মো. আফজাল হোসেন এমপি, হাফেজ মুহা. রবিউল বাশার এমপি এবং মাহবুবা হাকিম এমপি।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে কমিটির সদস্যদের পারস্পরিক পরিচিতি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

এরপর মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। এতে সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

কমিটির সভাপতি স্বাগত বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে স্মরণ এবং আহতদের প্রতি সমবেদনা জানান।

বৈঠকে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কমিটি জোর সুপারিশ করে। সরকারি কার্যক্রমে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একই প্রতিষ্ঠানকে বারবার একাধিক টেন্ডার না দিয়ে অন্য প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রমে হস্তচালিত যন্ত্রপাতির পরিবর্তে আধুনিক যান্ত্রিকীকরণ নিশ্চিত করার তাগিদ দিয়েছে কমিটি।

তাঁতশিল্পের প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও অন্যান্য প্রয়োজনীয় কাঁচামাল সহজলভ্য করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি অথবা ডিলার নিয়োগের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এ ছাড়া দিনাজপুরের রাণীর বন্দরে তাঁত বোর্ডের কার্যালয়ের কার্যক্রম এবং সংশ্লিষ্ট জমি লিজ বা অন্য কোনোভাবে বরাদ্দ দেওয়া হয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রধান এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Muktomon/TA