শিহাব উদ্দিন : গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও অনিয়মের অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে কর্তৃপক্ষ। অফিসটির সহকারী পরিচালক (এডি) নাহিদ নেওয়াজ বলেছেন, সরকারি বিধিবিধান অনুসরণ করেই আবেদনকারীদের সেবা দেওয়া হচ্ছে। নিয়মের বাইরে কাউকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।
সম্প্রতি গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবা নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে সহকারী পরিচালক নাহিদ নেওয়াজ বলেন, আবেদনকারীর কাগজপত্রে ভুল বা তথ্যের অসঙ্গতি থাকলে নিয়ম অনুযায়ী তা সংশোধন করতে হয়।
তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের সঙ্গে পাসপোর্ট আবেদনের তথ্যের মিল না থাকলে সংশ্লিষ্ট আবেদন যাচাই-বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়। এটিকে হয়রানি হিসেবে দেখার সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।
একজন আবেদনকারী সিমলা রানী বিশ্বাসের পাসপোর্ট আবেদনের বিষয়ে নাহিদ নেওয়াজ বলেন, তাঁর এনআইডি ডাটাবেজে বৈবাহিক অবস্থা ‘গৃহিণী’ হিসেবে উল্লেখ রয়েছে। কিন্তু পাসপোর্ট আবেদনে তাঁকে ‘সিঙ্গেল’ হিসেবে দেখানো হয়েছে। ফলে আবেদনে তথ্যের অসঙ্গতি তৈরি হয়েছে।
এ বিষয়ে সহকারী পরিচালক বলেন, এনআইডি সংশোধনের আবেদন করার পর নিয়ম অনুযায়ী আবেদনটি প্রক্রিয়াজাত করা সম্ভব। তাঁর ভাষ্য, সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করেই পাসপোর্ট দেওয়ার বিধান রয়েছে।
পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের একটি সিন্ডিকেটের মাধ্যমে ঘুষ আদায়ের অভিযোগও অস্বীকার করেছেন নাহিদ নেওয়াজ। তাঁর দাবি, তাঁর অজান্তে কেউ অনিয়ম বা অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে তাঁর কার্যালয়ে বড় ধরনের কোনো অনিয়ম হচ্ছে না বলে দাবি করেন তিনি।
এদিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান জানিয়েছেন, পাসপোর্ট অফিসের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ পাওয়ার পর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে।
অভিযোগকারী পক্ষের বক্তব্য এবং পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের ব্যাখ্যা—দুই পক্ষের দাবিই এখন তদন্তের মাধ্যমে যাচাই হওয়ার অপেক্ষায়। সরকারি সেবা নিতে আসা মানুষের হয়রানি বন্ধের পাশাপাশি নিয়ম মেনে দ্রুত ও স্বচ্ছভাবে সেবা নিশ্চিত করাই সংশ্লিষ্টদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
Muktomon/TA