মুক্তমন রিপোর্ট : খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগকে পুনপ্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে আবারো অশান্ত করার ঘৃণ্য ষড়যন্ত্র শুরু হয়েছে। টার্গেট করে শান্তিপ্রিয় মানুষকে হত্যার ষড়যন্ত্র ভারতের মাটিতে বসে করা হচ্ছে। আওয়ামীলীগের ছদ্মবেশে ভারতীয় এজেন্টরা এদেশে কাজ করছে। আগুন জ্বালিয়ে, ভাঙচুর করে জনগণের সম্পদ বিনষ্ট করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা সহ সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। আমরা পতিত ফ্যাসিস্টদের অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই। সরকার এসব নাশকতা ও হত্যাযজ্ঞ বন্ধে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারকে অবিলম্বে জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সংসদে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আমরা তাঁর এই আহ্বানকে স্বাগত জানাই। তবে বিগত ৮মাসে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নে যদি সরকার প্রধান আন্তরিক হতেন তাহলে আজ এই সমস্যার সৃষ্টি হতো না। তারপরও আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে। ২৪ শে যারা মাঠে ছিল, আমরা সকলে মাঠে আছি। বাংলার জনগণ এখনো সজাগ রয়েছে। যারা জাতীয় ঐক্য বিনষ্ট করার চক্রান্ত করেছিল তারা ব্যর্থ হয়েছে। আমরা অবিলম্বে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ, ফ্যাসিস্ট অপশক্তির বিচার প্রক্রিয়া ত্বরান্বিত এবং দণ্ড কার্যকরের দাবি জানাই।
আজ বৃহস্পতিবার বাদ যোহর বায়তুল মোকাররম উত্তর গেইটে পতিত ফ্যাসিস্টদের অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের সরকারের প্রতি এসব দাবি জানান।
খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক আবদুল জলিল, ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসমাইল খন্দকার।
এছাড়াও রাজধানীর উত্তরা আজমপুর ও মিরপুর ১১ মেট্রো চত্ত্বরে পতিত ফ্যাসিস্টদের অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
Muktomon/TA