বাংলাদেশ-সৌদি আরবের আরচ্যারী উন্নয়নে যৌথ কাজের অঙ্গীকার

মুক্তমন রিপোর্ট : সৌদি আরবে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং সৌদি আরব আরচ্যারী ফেডারেশনের সভাপতি তুর্কি আল-দারবি। সাক্ষাতে দুই দেশের আরচ্যারীর উন্নয়ন, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সৌদি আরবে আরচ্যারীর বর্তমান অবকাঠামো, খেলাটির উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই ক্রীড়া সংগঠক মতবিনিময় করেন। এশিয়া ও মধ্যপ্রাচ্যে আরচ্যারীকে আরও জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করে তুলতে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তারা।

আলোচনায় প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, কোচ ও জুডিসিয়ারি ডেভেলপমেন্ট এবং যৌথ প্রশিক্ষণ ক্যাম্প আয়োজনের বিষয় উঠে আসে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দুই দেশের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন বলে মত দেন তারা।

খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে আধুনিক সুযোগ-সুবিধা ও উচ্চতর প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরচ্যারীর প্রসারে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া আরও কার্যকর ভূমিকা কীভাবে রাখতে পারে, সে বিষয়েও আলোচনা করেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও তুর্কি আল-দারবি।

এ সময় দুই দেশের আরচ্যারদের অংশগ্রহণে যৌথ ট্রেনিং ক্যাম্প এবং ফ্রেন্ডলি টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়।

দুই দেশের খেলোয়াড় ও কোচদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানোর মাধ্যমে ক্রীড়া কূটনীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন দুই ফেডারেশন সভাপতি।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ বাংলাদেশ ও সৌদি আরবের আরচ্যারীর উন্নয়ন এবং এশিয়া ও মধ্যপ্রাচ্যে খেলাটির প্রসারে নতুন সহযোগিতার সুযোগ তৈরি করতে পারে।