মুক্তমন রিপোর্ট : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। তাঁর প্রার্থিতা প্রত্যাহারের ফলে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের নির্বাচনে অংশ নেওয়ার পথ প্রায় পরিষ্কার হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ওবায়দুল্লাহ মাসুদ। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর আগে রোববার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রত্যাহারের আবেদন জমা দেন তিনি।
ওবায়দুল্লাহ মাসুদ বলেন, বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতি তাঁরা সব সময় ঐক্যবদ্ধ। দলের বাইরে কোনো সিদ্ধান্ত নেননি এবং ভবিষ্যতেও নেবেন না। দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে সবাই কাজ করবেন বলেও জানান তিনি।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ওবায়দুল্লাহ মাসুদ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন। আগামী ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের সময় বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দুই নেতা ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমিনসহ ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরপর বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর ওবায়দুল্লাহ মাসুদ জানিয়েছিলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী একই দিনে দুজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনে চূড়ান্ত প্রার্থীর নাম পাঠানোর পর একজন ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন এবং অন্যজন দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করবেন বলেও জানিয়েছিলেন তিনি।
মাসুদের প্রার্থিতা প্রত্যাহারের পর বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের নাম পাঠানোর বিষয়টি প্রায় নিশ্চিত। তবে নির্বাচন কমিশনে দলের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থীর নাম জমা দেওয়া ও ধানের শীষ প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা এখনো বাকি রয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির দুই প্রার্থীর বাইরে আরও চারজনের মনোনয়ন বৈধ হয়েছে। তাঁরা হলেন—১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনের সদর, রুহিয়া ও ভূল্লী এলাকার মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।