জুয়েল হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

আদালতের নির্দেশে জুয়েল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি নূর মোহাম্মদকে
আদালতের নির্দেশে জুয়েল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি নূর মোহাম্মদকে

মুক্তমন রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে জুয়েলকে হত্যাচেষ্টার মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান গত ৫ অক্টোবর নূর মোহাম্মদকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য রোববার দিন ধার্য করেন। শুনানির দিন নূর মোহাম্মদকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বলেন, তাঁরা নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে তাঁর আইনজীবীরা গ্রেপ্তার না দেখানোর পক্ষে যুক্তি দেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

গত ২৭ জুন সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ঢাকার তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ১ জুলাই তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৩ আগস্ট জুলাই আন্দোলনে অংশ নেওয়ার সময় ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গুলিবিদ্ধ হন জুয়েল। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর তিনি থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

Muktomon/TA