রনজিৎ সরকার রাজ : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশ থেকে মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত ও অনুসন্ধান চলছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর বিকেল ৪টা থেকে পৌনে ৭টার মধ্যে ফুলবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুজাপুর এলাকায় মা ডায়াগনস্টিক সেন্টারের পাশে মোটরসাইকেলটি রেখে ব্যক্তিগত কাজে যান আলাদিপুর গ্রামের মলিন চন্দ্র রায়ের ছেলে সনজিত চন্দ্র রায়। কাজ শেষে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি আর সেখানে পাননি।
চুরি হওয়া মোটরসাইকেলটি কালো রঙের হোন্ডা সাইন এসপি ১২৫ সিসি মডেলের। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান না পেয়ে তিনি ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগে মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর JC72EG1012194 এবং চেসিস নম্বর PSOJC7290 LH 112886 উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, সিসিটিভি ক্যামেরার ফুটেজে চুরির সঙ্গে জড়িত ব্যক্তির ছবি শনাক্ত করা হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ তদন্ত করছে এবং মোটরসাইকেলটি উদ্ধারে অনুসন্ধান চলছে।
দিনাজপুর প্রতিনিধি
Muktomon/TA