দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে এসআরবি-১

দুর্গাপূজা উপলক্ষে ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন এসআরবি-১ অধিনায়ক
দুর্গাপূজা উপলক্ষে ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন এসআরবি-১ অধিনায়ক

মুক্তমন রিপোর্ট : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১, উত্তরা, ঢাকার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম খান।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার উত্তরা, খিলক্ষেত ও দিয়াবাড়িসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

একই দিন বিকেল ৩টায় এসআরবি-১-এর ব্যাটালিয়ন সদর দপ্তরে পূজামণ্ডপের সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সভায় এসআরবি-১ অধিনায়ক বলেন, “বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করব।”

তিনি পূজামণ্ডপ কর্তৃপক্ষকে নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকা, দায়িত্বশীল ভূমিকা পালন করা এবং সন্দেহজনক কোনো পরিস্থিতি দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশনা দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে মোতায়েন করা এসআরবি সদস্যদের পাশাপাশি সাদাপোশাকেও সদস্যরা গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখবেন। পূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসআরবি-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম।

Muktomon/TA