এক দশক পর ওটিটিতে ফিরছে রাজ-তুষির প্রথম সিনেমা

শরীফুল রাজ ও নাজিফা তুষি অভিনীত ‘আইসক্রিম’ সিনেমার প্রচারণামূলক ছবি
শরীফুল রাজ ও নাজিফা তুষি অভিনীত ‘আইসক্রিম’ সিনেমার প্রচারণামূলক ছবি

মুক্তমন রিপোর্ট : এক দশক পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে শরীফুল রাজ ও নাজিফা তুষির প্রথম সিনেমা ‘আইসক্রিম’। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি আগামী ২০ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘আইসক্রিম’। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় যাত্রা শুরু করেন শরীফুল রাজ ও নাজিফা তুষি। দীর্ঘ ১০ বছর পর আবারও সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চরকি সিনেমাটির মুক্তির তারিখ জানিয়েছে।

‘আইসক্রিম’কে নিজের অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখেন শরীফুল রাজ। সম্প্রতি গণমাধ্যমকে তিনি বলেন, ১০ বছর আগের রাজের সঙ্গে বর্তমানের রাজের নিশ্চয়ই কিছু পরিবর্তন এসেছে। আজকের শরীফুল রাজ হয়ে ওঠার পেছনে ‘আইসক্রিম’-এর ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, প্রথম সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে নাজিফা তুষির স্মৃতিতেও রয়েছে নানা অনুভূতি। তাঁর ভাষ্য, সিনেমা যে এত বড় একটি ক্যানভাস, তা পুরোপুরি না বুঝেই তিনি অভিনয় শুরু করেছিলেন। তবে তখন থেকেই তাঁর মনে হয়েছিল, ‘আইসক্রিম’ একটি ভালো প্রকল্প এবং রেদওয়ান রনি একজন ভালো নির্মাতা।

সিনেমাটিতে রাজ ও তুষির পাশাপাশি অভিনয় করেছেন উদয়, এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম।

‘আইসক্রিম’-এর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি ও মিনার রহমান।

Muktomon/TA