রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অভিবাসন ও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে। দীর্ঘস্থায়ী এ সংকট স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগ সীমিত করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন সক্ষমতা বাড়ানো এবং এ খাতে যুক্তরাজ্যের সহযোগিতা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি অভিবাসন ব্যবস্থাপনা, মানবিক সংকট মোকাবিলা ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়ে দুই পক্ষ গুরুত্বারোপ করে।
তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আনতালিয়ায় ৯ নভেম্বর শুরু হয়েছে ১১ দিনব্যাপী কপ-৩১ সম্মেলন। এতে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৯০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, গবেষক এবং প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনের গুরুত্বপূর্ণ আয়োজন ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট অনুষ্ঠিত হচ্ছে ১১ ও ১২ নভেম্বর। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গেও তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে।
আগামী ২০ নভেম্বর শেষ হবে এবারের কপ-৩১ সম্মেলন।
Muktmon/TA