ফেনী সদর ভূমি অফিসে ভোগান্তির অভিযোগ, প্রতিকারের দাবি

ফেনী সদর ভূমি অফিসে ভোগান্তির অভিযোগ, প্রতিকারের দাবি

ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলা ভূমি অফিসে নামজারি, মিস কেসসহ বিভিন্ন ভূমিসেবা পেতে দীর্ঘসূত্রতা ও হয়রানির অভিযোগ উঠেছে। দিনের পর দিন, এমনকি মাসের পর মাস অফিসে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ করেছেন একাধিক সেবাগ্রহীতা। এ পরিস্থিতিতে ভোগান্তি নিরসন ও অভিযোগগুলোর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

গত ১০ জুন ২০২৬ তারিখে দৈনিক আমার সংগ্রাম পত্রিকায় ‘ফেনী সদর ভূমি অফিসে বহিরাগত জসিমের দাপট: নেপথ্যে কারা?’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে জসিম নামের এক বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে ভূমি অফিসের ‘জারিকারক-৪’ কক্ষে বসে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনে এ-সংক্রান্ত ভিডিও প্রমাণ প্রকাশের কথাও উল্লেখ করা হয়।

এ বিষয়ে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার জানিয়েছিলেন, জসিম তাঁর দপ্তরের কোনো কর্মী নন। পরে বিষয়টি সাবেক জেলা প্রশাসক মনিরা হকের নজরে এলে সংশ্লিষ্ট ‘জারিকারক-৪’ কক্ষটি বন্ধ করে দেওয়া হয় বলে আগের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে সেবাগ্রহীতাদের অভিযোগ, কক্ষটি বন্ধ করে দেওয়ার পরও ভূমি অফিসের সামগ্রিক সেবাব্যবস্থায় প্রত্যাশিত উন্নতি হয়নি। তাঁদের দাবি, দালালদের দৌরাত্ম্য এবং নানা অজুহাতে ফাইল আটকে রাখার কারণে সাধারণ মানুষকে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, ভূমিসংক্রান্ত জরুরি কাজ সম্পন্ন করতে বারবার অফিসে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও অর্থের অপচয় হচ্ছে, পাশাপাশি দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে।

তাঁদের দাবি, ভূমি অফিসের সেবাব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অনিয়ম ও হয়রানির অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

সেবাগ্রহীতাদের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর পদক্ষেপে ফেনী সদর ভূমি অফিসে হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ সহজে ও নির্ধারিত সময়ে ভূমিসেবা পাবেন।

Muktomon/TA