জয়পুরহাটে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪

কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার চারজনকে নিয়ে বিজিবির অভিযান
কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেপ্তার চারজনকে নিয়ে বিজিবির অভিযান

মুক্তমন রিপোর্ট : জয়পুরহাটের আক্কেলপুরে একটি কষ্টিপাথরের মূর্তিসহ চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার হওয়া মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই যৌথ অভিযানে একটি বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

বিজিবির ভাষ্য, মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে স্থানীয় একটি চক্রের কাছে গোপনে রাখা হয়েছিল। এ তথ্যের ভিত্তিতে ২০ বিজিবি ও এসআরবির সদস্যরা বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে মূর্তিটি উদ্ধারের পাশাপাশি কথিত পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আক্কেলপুর উপজেলা সদরের মৃত সিরাজ সরদারের ছেলে হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে জাকির হোসেন (৫০), জালালপুর গ্রামের সুচীন চন্দ্র মন্ডলের ছেলে মুকুল চন্দ্র মন্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৬০)।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মূর্তি ও গ্রেপ্তার চারজনের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের আক্কেলপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মূর্তিটি প্রত্নতাত্ত্বিক সম্পদ কি না এবং এর প্রকৃত ঐতিহাসিক মূল্য কী, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ের বিষয়।

Muktomon/TA