কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মী আটকের ছবি
কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মী আটকের ছবি

এ. কে. পলাশ : কুমিল্লার বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) ও সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আটক ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. সাহেব আলী (৫০), পূর্বহুড়া এলাকার মো. ফয়সাল ভূঁইয়া (২৬), পরিহলপাড়ার মো. আবুল কাশেম (৩৭), পূর্বহুড়ার শাকিব হোসেন (২২), ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেঁতাভূমি এলাকার ছাত্রলীগ নেতা রাহাগীর আলম হৃদয় (২৭), বুড়িচং পশ্চিমপাড়ার শফিকুল রহমান (৪০), গোবিন্দপুরের আবু সানি খন্দকার শাকিল (২৮), বাকশীমূল ইউনিয়নের কাজী গোলাম কিবরিয়া (৪৩), ভরাসারের মমিনুর রহমান মোহন (৩৮), বাকশীমূল মধ্যপাড়ার মো. আনোয়ার হোসেন আনু মিয়া (৫৮), লোহাইমুড়ির মো. মাসুম হায়দার চৌধুরী (৪৯), রাজাপুরের আব্দুর রশিদ মেম্বার (৬৪) এবং ময়নামতি ইউনিয়নের জিয়াপুর এলাকার বর্তমান মেম্বার মো. সোহেল রানা (৪০)।

পুলিশের দাবি, দেশব্যাপী আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও নাশকতার অভিযোগে এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে তাদের আটক করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের এসব নেতাকর্মীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের মিছিল, সমাবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তবে পুলিশের অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের দোষী হিসেবে গণ্য করা যাবে না।

কুমিল্লা প্রতিনিধি

Muktomon/TA