গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা বাংলাদেশে ফিরতে পারবেন না এবং রাজনীতি করার সুযোগ পাবেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জার্মানি থেকে নাৎসি বাহিনীর সদস্যদের পালিয়ে যাওয়ার উদাহরণ টেনে তিনি এ কথা বলেন।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে পলাতক আওয়ামী লীগ নেত্রী অডিও ও ভিডিও কলে দলের নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন। তাঁর দাবি, জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি, তাঁদের বাড়িঘর ভাঙচুর এবং দেশে ফিরলে আন্দোলনকারীদের শাস্তি দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে—বিরোধীদলীয় নেতার এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের কথিত গোপন বৈঠকের সঙ্গে এসব উসকানির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
দেশে মবের ঘটনা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৫৫টি মবের ঘটনা ঘটেছিল। ২০২৬ সালের একই সময়ে তা কমে ১৬টিতে নেমেছে। বাকি ঘটনাগুলোও বন্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পক্ষে বিভিন্ন অপরাধের পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী। তাঁর দাবি, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে খুনের ঘটনা ছিল ২ হাজার ৯৩৮টি। ২০২৬ সালের একই সময়ে তা কমে ২ হাজার ৬৫১টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে একই সময়ের তুলনায় খুনের ঘটনা কমেছে ২৮৭টি।
চুরি, ডাকাতি ও দস্যুতার মতো অপরাধও কমেছে বলে জানান তিনি। এ ছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা আগের বছরের একই সময়ের তুলনায় ১২৫টি কমেছে বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসব পরিসংখ্যান বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা রাজনৈতিকভাবে তাঁদের ওপর নির্যাতনকারীদের ক্ষমা করে দেওয়ার কথা বলেছিলেন। তবে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত নির্যাতন ও জুলুমের বিষয়ে অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা না চেয়ে একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার বিষয়টি যৌক্তিক নয় বলে মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার বক্তব্যও তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। ওই বক্তব্যে ফ্যাসিবাদ ও ফ্যাসিস্ট শব্দের ব্যবহার পছন্দ না করার কথা বলেছিলেন বিরোধীদলীয় নেতা বলে উল্লেখ করেন তিনি।
সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, অগ্নিসংযোগ আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে জড়িত। এ প্রসঙ্গে ২০০৪ সালের ৪ জুন ঢাকার শাহবাগে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়ার ঘটনার উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদের বর্ণনা অনুযায়ী, তৎকালীন একটি রাজনৈতিক কর্মসূচির সময় বাসটিতে গানপাউডার নিক্ষেপ করা হলে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে অন্তত নয়জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। সব মিলিয়ে ওই ঘটনায় ১১ জন নিহত হয়েছিলেন বলে সংসদে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশে ফিরে প্রথম ভাষণে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেছেন।
তিনি বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায় না। তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিগত সরকারের আমলে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ, গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে হতাহতের ঘটনায় বিচারের অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি। এসব অভিযোগ তদন্তে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল জেলায় জেলায় কাজ শুরু করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তাঁর অভিযোগ, মানবাধিকারের প্রতি সরকারের শ্রদ্ধাশীল অবস্থানের সুযোগ নিয়ে একটি গোষ্ঠী অস্থিরতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে মানবাধিকারের সীমারেখা মেনেই এসব তৎপরতা প্রতিহত করা হবে বলে আশ্বাস দেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযানের সময় ‘রাইট অব প্রাইভেট ডিফেন্স’ বা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারের আলোকে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা, জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে বলে স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি গোষ্ঠী শ্রমিকদের উসকে দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতা মোকাবিলায় সরকার শুরু থেকেই ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি। শ্রমিকদের মজুরি নির্ধারণে নির্ধারিত সময়ের আগেই শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের কয়েকটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের ভিত্তিতে ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, এ উদ্যোগে শ্রমিক ও মালিক উভয় পক্ষ সন্তুষ্ট হয়ে কাজে ফিরেছেন।
তবে একটি মহল শ্রমিক সংগঠন ও গোপন সংগঠনের নেতাদের সহায়তায় সীমান্তের ওপার থেকে অর্থ এনে মজুরি বোর্ড গঠন ও ন্যূনতম মজুরি নির্ধারণের অজুহাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ কর্মকাণ্ডে পতিত সরকারের পলাতক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সম্পৃক্ততার প্রমাণ সরকারের হাতে রয়েছে বলেও দাবি করেন সালাহউদ্দিন আহমদ।
কক্সবাজারে একজন সৈনিক নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানব পাচারের বিরুদ্ধে ওই অভিযান ছিল সাম্প্রতিক বছরগুলোর অন্যতম সফল অভিযান। এর মাধ্যমে ৫৬ জন জিম্মিকে উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে জানান তিনি।
সারা দেশে মাদক কারবারিদের তালিকা তৈরি করা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁদের গ্রেপ্তারে বিভিন্ন পর্যায়ে অভিযান চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এ ছাড়া রঞ্জিত সরকার নামে পরিচিত এক ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বৈঠক শেষে আবার ভারতে পালিয়ে গেছেন বলে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ তোলেন তিনি। ওই ব্যক্তি কোন পথ দিয়ে দেশে প্রবেশ করেছেন, তা নিয়ে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ঘটনায় একটি মামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মামলার এজাহারে ২০ জনের নাম এবং অজ্ঞাতনামা ১৭৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের অধিকাংশ সুনামগঞ্জের বাসিন্দা হওয়ায় সুনামগঞ্জ ও সিলেট জেলা পুলিশ যৌথভাবে তাঁদের গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বৈঠকে অংশ নেওয়া সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
সীমান্ত পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুশইনের শিকার ব্যক্তির সংখ্যা ছিল ২ হাজার ৪৮২ জন। অন্যদিকে, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত এ সংখ্যা ছিল ৩৭ জন।
তাঁর দাবি, পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশ সীমান্তের বিভিন্ন স্থানে পুশইনের চেষ্টা হয়েছিল। সরকার ধৈর্য ও কঠোরতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করায় অবৈধ অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একই সময়ে বিএসএফের ১৯৪টি ঘটনায় ১ হাজার ৩৫১ জন বাংলাদেশি নাগরিককে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের দৃঢ় অবস্থানের কারণে এসব চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
সীমান্তে বাংলাদেশি নিহতের সংখ্যা কমেছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিএসএফ ও ভারতীয় নাগরিকদের গুলিতে ২২ জন বাংলাদেশি নিহত হয়েছিলেন। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা কমে ১২ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ আগের বছরের তুলনায় নিহতের সংখ্যা ১০ জন কমেছে।
সীমান্তে আর কোনো বাংলাদেশি যেন হত্যার শিকার না হন, সে লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সীমান্তে অস্ত্র উদ্ধারের পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত বিজিবি ৮১টি অস্ত্র উদ্ধার করেছিল। ২০২৬ সালের একই সময়ে উদ্ধার করা অস্ত্রের সংখ্যা বেড়ে ১২৯টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ অস্ত্র উদ্ধার বেড়েছে ৪৮টি।
তিনি আরও জানান, গোলাবারুদ, ডেটোনেটর, ককটেল ও মাইন উদ্ধারের সংখ্যাও বেড়েছে। সীমান্ত এলাকায় এসব বিস্ফোরক উদ্ধারের সংখ্যা আগের বছরের তুলনায় ১০৬টি বেশি বলে সংসদে উল্লেখ করেন তিনি।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে সম্পূর্ণ অপরাধমুক্ত করা সবার প্রত্যাশা হলেও বাস্তবে কোনো রাষ্ট্রে অপরাধের সংখ্যা শূন্যে নামিয়ে আনা সম্ভব নয়। তবে অপরাধ কমাতে সরকার আইনানুগ ব্যবস্থা ও অভিযান অব্যাহত রাখবে।
Muktomon/TA