কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার ঘটনা।
গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার ঘটনা।

 আলমগীর মোল্লা : গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শ্যামল রোজারিও (৫৭) ও রোকেয়া বেগম (৪৫) নামে দুজন নিহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। নিহত শ্যামল রোজারিও কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামের বাসিন্দা। রোকেয়া বেগম রূপগঞ্জের খাস পুটিনা গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে অটোরিকশায় করে কালীগঞ্জ বাজারে যাচ্ছিলেন শ্যামল রোজারিও। পথে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাঁর অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বেলা পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই দিন সকালে স্বামীর জন্য নাশতা নিয়ে যাওয়ার সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন রোকেয়া বেগম। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ইমরান খান জানান, শ্যামল রোজারিওকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, রোকেয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কিছুক্ষণ পর তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।

Muktomon/TA