মুক্তমন রিপোর্ট : ছেলে আইজানকে সঙ্গে নিয়ে হ্যালোইন উৎসবে মেতেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করা এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে মা-ছেলের উৎসব উদযাপনের মুহূর্ত শেয়ার করেছেন।
রোববার (১ নভেম্বর) নিজের ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন শাবনূর। ছবিতে ছেলের সঙ্গে হাসিমুখে ক্যামেরাবন্দি হতে দেখা যায় তাঁকে। মা-ছেলের দুজনের পরনেই ছিল মিলিয়ে পরা পোশাক, যাতে রয়েছে কমলা রঙের কুমড়ার নকশা।
ছবির পেছনে দেখা যায় হ্যালোইন উপলক্ষে সাজানো নানা উপকরণ। সেখানে ছিল কৃত্রিম কঙ্কাল, কুমড়ার লণ্ঠন, রঙিন বাতি এবং ‘হ্যাপি হ্যালোইন’ লেখা সাজসজ্জা। ছবিগুলোর ক্যাপশনে শাবনূর লিখেছেন, ‘হ্যাপি হ্যালোইন’।
ছেলেকে নিয়ে বিভিন্ন উৎসব ও আনন্দঘন মুহূর্ত প্রায়ই সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এই অভিনেত্রী। এর আগেও সন্তানকে নিয়ে ঘুরতে যাওয়ার ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
গত বছরও ছেলে আইজানকে সঙ্গে নিয়ে হ্যালোইন উদযাপন করেছিলেন শাবনূর। সেবার তাঁদের ছবিতে ভূতের সাজের উপস্থিতি দেখা গিয়েছিল।
সামাজিক মাধ্যমে নতুন ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন।
Muktomon/TA