শ্রমিক আন্দোলন ঘিরে জামায়াত ও আওয়ামী লীগের বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ

শ্রমিক আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফেসবুক পোস্টে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শ্রমিক আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফেসবুক পোস্টে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মুক্তমন রিপোর্ট : জামায়াত রাজপথ উত্তপ্ত করছে এবং শ্রমিক আন্দোলনের মধ্যে ঢুকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহিংসতা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, লংমার্চে জামায়াতের আমিরের দেওয়া বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে সৃষ্ট অরাজকতার দায় দলটি এড়াতে পারে না। তাঁর অভিযোগ, গত রোববার মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের গাড়ি, ব্যক্তিগত পিকআপ ও পোশাক কারখানায় আগুন দিয়েছে।

তিনি আরও দাবি করেন, এসব ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে অগ্নিসংযোগে উসকানি দেওয়ার অভিযোগে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনা উচিত কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য, সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আন্তরিক থাকলেও জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে আন্দোলনে নামিয়েছেন। তাঁর আশঙ্কা, ডিসেম্বরকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে কাজ করছে দেশবিরোধী শক্তি।

Muktomon/TA