মুক্তমন রিপোর্ট : রাজধানীর মিরপুর-১০ ও আশপাশের এলাকায় গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।
তিনি বলেন, কয়েক দিন ধরে গার্মেন্টস শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। তবে গতকাল থেকে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। রোববারও পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ডিসি রাকিব খানের দাবি, সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছেন। শ্রমিকদের আন্দোলনের মধ্য থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, মিরপুর-১০ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের আটক করা হয়। তাঁদের মধ্যে বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।
ডিবির এই কর্মকর্তা অভিযোগ করেন, মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা নাশকতার ঘটনাগুলো সমন্বয় করছেন। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের ঢাকায় আনার ক্ষেত্রেও তাঁর ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি।
রাকিব খানের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Muktomon/TA