মুক্তমন রিপোর্ট : নিজেদের বিদ্যুৎ চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ফরিদপুর জেলা পরিষদ। ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে ফরিদপুর জেলা পরিষদের প্রকৌশল শাখার ভবন ও সদর ভিআইপি ডাকবাংলোর ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রকৌশল শাখার ভবনের ছাদে ৪০ কিলোওয়াট এবং সদর ভিআইপি ডাকবাংলোর ছাদে ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। দুই স্থাপনা মিলিয়ে মোট উৎপাদনক্ষমতা ৬০ কিলোওয়াট।
এ উপলক্ষে ফরিদপুর জেলা পরিষদ এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো)-এর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
সৌরবিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করেছে মার্শ পাওয়ার টেকনোলজি লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে পরবর্তী ২০ বছর মেরামত ও রক্ষণাবেক্ষণের শর্তে প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান এবং ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেবনাথসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান বলেন, দেশের ৬১টি জেলা পরিষদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য সরকার প্রতিটিকে ২০ লাখ টাকা করে দিয়েছে। এর সঙ্গে জেলা পরিষদের নিজস্ব আয়ের অর্থও ব্যয় করা হয়েছে। তাঁর ভাষ্য, ফরিদপুরই প্রথম জেলা পরিষদ, যারা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।
তিনি বলেন, এ ব্যবস্থা থেকে ৬০ কিলোওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। জেলা পরিষদের বিভিন্ন ভবনে প্রায় ৪০ কিলোওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রোগ্রাম সহযোগী মো. খালিদ মাহমুদ বলেন, দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য জাতীয় রুফটপ সোলার প্রোগ্রামের আওতায় যত বেশি সম্ভব এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, নেট মিটারিং অনুমোদনে বিলম্বসহ বিভিন্ন প্রশাসনিক ও প্রক্রিয়াগত জটিলতার কারণে নির্ধারিত বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হচ্ছে। অনুমোদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করা গেলে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্প্রসারণ ত্বরান্বিত হবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, বিশ্বজুড়ে বিদ্যুৎ সংকটের প্রেক্ষাপটে নিজস্ব উৎস কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ থেকেই এ সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে।
Muktomon/TA