মুক্তমন রিপোর্ট : প্রথমবারের মতো ফিফা নারী ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ২০২৮ সালের ৫ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। এতে অংশ নেবে বিশ্বের ১৯টি নারী ক্লাব। তবে কোন কোন শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, তা এখনো ঘোষণা করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফা জানিয়েছে, প্রথম আসরের পর থেকে প্রতি চার বছর অন্তর আয়োজন করা হবে নারী ক্লাব বিশ্বকাপ। এরই মধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছে সাতটি ক্লাব। এগুলো হলো ইংল্যান্ডের আর্সেনাল, স্পেনের বার্সেলোনা, মেক্সিকোর আমেরিকা, যুক্তরাষ্ট্রের গোথাম এফসি, ব্রাজিলের করিন্থিয়ান্স, চীনের উহান জিয়াংদা এবং উত্তর কোরিয়ার নেগোহ্যাং এফসি।
এর আগে ২০২৬ সালের পুরুষদের ফিফা বিশ্বকাপ কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ২০২৫ সালে সম্প্রসারিত ফরম্যাটে পুরুষদের ক্লাব বিশ্বকাপও আয়োজন করে দেশটি। ওই আসরের ফাইনালে পিএসজিকে হারিয়ে শিরোপা জেতে চেলসি।
ফিফার নারী ফুটবলবিষয়ক প্রধান সারাই বারেম্যান বলেন, বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সাম্প্রতিক অভিজ্ঞতা, নারী ফুটবলের প্রতি ব্যাপক আগ্রহ এবং উন্নত ক্রীড়া অবকাঠামোর কারণে যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে।
নারী ক্লাব বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক নারী ক্লাব ফুটবলে নতুন একটি প্রতিযোগিতার সূচনা হতে যাচ্ছে। টুর্নামেন্টটির ম্যাচের ভেন্যু ও বিস্তারিত সূচি পরে জানাবে ফিফা।
Muktomon/TA