রাজবাড়ী-পাবনাকে যুক্ত করে ওয়াই-টাইপ পদ্মা সেতুর ঘোষণা

রাজবাড়ীতে ৭ নভেম্বরের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
রাজবাড়ীতে ৭ নভেম্বরের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

মুক্তমন রিপোর্ট : রাজবাড়ী ও পাবনাকে সংযুক্ত করে ওয়াই-টাইপ পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন দাবি করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি জানান, পদ্মা ব্যারেজের কার্যক্রম শুরু হয়েছে এবং দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরুর জন্য প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের দাবিতে তিনি ১৯৯৩ সাল থেকে আন্দোলন করে আসছেন। দীর্ঘদিনের প্রচেষ্টার পর রাজবাড়ী ও পাবনাকে যুক্ত করে ওয়াই-টাইপ পদ্মা সেতু নির্মাণের ঘোষণা এসেছে বলে তিনি উল্লেখ করেন। এসব প্রকল্প বাস্তবায়িত হলে রাজবাড়ীবাসীর উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান বর্তমানে দেশের প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে নতুন করে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তাঁরা। দীর্ঘদিনের শাসনে দেশের অবকাঠামো ও বিভিন্ন খাতে সমস্যা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সড়ক, মাঠ এবং স্থানীয় পর্যায়ে চাঁদাবাজিসহ নানা সংকট রয়েছে। এসব সমস্যা এক দিনে সমাধান করা সম্ভব নয়।

গত ২০ বছরে দেশের প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করে তিনি বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান।রাজবাড়ীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জেলায় দেশের বৃহত্তম রেলওয়ে ওয়ার্কশপ স্থাপনের চেষ্টা চলছে। পাশাপাশি রাজবাড়ী সদরের ১৪টি ইউনিয়ন পুনর্বিন্যাস করে পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এসব পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষকদলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আইয়ুব, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ লোকমান হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়া এবং জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস, প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন।

Mutomon/TA