প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা ও পরিচ্ছন্নতায় নতুন উদ্যোগ

গাজীপুর পিটিআইয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
গাজীপুর পিটিআইয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মুক্তমন রিপোর্ট : দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (১৮ নভেম্বর) গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও খোলা পরিবেশে সময় কাটানোর সুযোগ নিশ্চিত করা জরুরি। শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে শিশুদের মেধার পূর্ণ বিকাশ ঘটে না। খেলাধুলা, শরীরচর্চা ও পারস্পরিক মিথস্ক্রিয়া তাদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও চিন্তাশক্তি বাড়াতে ভূমিকা রাখে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের পড়াশোনার প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি খেলাধুলা ও শারীরিক কার্যক্রমের সুযোগ দিতে হবে। তবে এ জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। 

প্রতিমন্ত্রী আরও জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে নতুন প্রশাসনিক নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে কর্মকর্তাদের পদ-পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

গাজীপুর পিটিআই সুপারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

এ ছাড়া গাজীপুর জেলার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা সভায় উপস্থিত ছিলেন।

Muktomon/TA