শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে সরকারের সাত উদ্যোগ

শিশুদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় সরকারের সাত অগ্রাধিকার খাতের প্রতীকী ছবি।
শিশুদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় সরকারের সাত অগ্রাধিকার খাতের প্রতীকী ছবি।

মুক্তমন রিপোর্ট : শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সাতটি অগ্রাধিকার খাতে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ সরকার। আইন সংস্কার, ইতিবাচক অভিভাবকত্ব, শিক্ষার পরিবেশ উন্নয়ন, ডিজিটাল নিরাপত্তা ও নীতিনির্ধারণে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা এসব অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ‘দ্বিতীয় গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন এন্ডিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন’-এর প্লেজিং সেশনে বাংলাদেশের পক্ষে এসব অঙ্গীকার তুলে ধরেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সম্মেলনে বাংলাদেশের প্রথম জাতীয় ‘ইভ্যাক প্লেজ’ উপস্থাপন করে মন্ত্রী বলেন, প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুরক্ষিত ও সহিংসতামুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।সাত অগ্রাধিকারের মধ্যে রয়েছে শিশু সুরক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা ও সমন্বয় বৃদ্ধি, শিশু আইন ও বাল্যবিবাহ নিরোধ আইনসহ সংশ্লিষ্ট আইন সংস্কার, ইতিবাচক অভিভাবকত্ব এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।

এ ছাড়া স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও সমাজসেবা খাতে জনবল বাড়ানো, অনলাইন ও জরুরি পরিস্থিতিতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, তথ্যব্যবস্থা ও জবাবদিহি কাঠামো শক্তিশালী করা এবং শিশু-কিশোরদের জীবনসংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে।

মন্ত্রী জানান, এসব উদ্যোগের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আনন্দের সঙ্গে শিক্ষা’ রূপকল্প বাস্তবায়নেও অগ্রগতি আনার লক্ষ্য রয়েছে।সম্মেলনে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন। ম্যানিলার এ সম্মেলনে ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

Muktomon/TA