মুক্তমন রিপোর্ট : সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার যোগাযোগব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৪২৩ কোটি ১০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। একই সঙ্গে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে ১১টি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে সেতু নির্মাণ প্রকল্পের’ আওতায় গোয়াইনঘাটে আটটি এবং কোম্পানীগঞ্জে তিনটি সেতু নির্মাণ করা হবে।
এ ছাড়া ‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের’ আওতায় তিন উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে ৪২৩ কোটি ১০ লাখ টাকা। এর মধ্যে গোয়াইনঘাটে ১৩৯ কোটি ৫০ লাখ, কোম্পানীগঞ্জে ১৫০ কোটি ৭৫ লাখ এবং জৈন্তাপুরে ১৩২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এ বরাদ্দ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রী।
তিনি আরও জানান, তিন উপজেলায় গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণে ৫২০ কোটি টাকার একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পল্লী অবকাঠামো উন্নয়নে ৪৯ কোটি ৮২ লাখ টাকার সরকারি আদেশ জারি হয়েছে। সিলেট-৪ আসনে আরও ৫০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পও প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, এসব প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগব্যবস্থা উন্নয়নের পাশাপাশি পর্যটন, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে একনেকের সভা শুরু হয়। দুপুর সোয়া ১টায় সভা শেষ হয়।
Muktomon/TA