দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার

লালমনিরহাট স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
লালমনিরহাট স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

মুক্তমন রিপোর্ট : দেশের ক্রীড়াঙ্গনকে গতিশীল করা, তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশে এক হাজার নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে লালমনিরহাট স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে গ্রাম থেকে শহর পর্যন্ত খেলার মাঠগুলো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন খেলার মাঠের অভাবে তরুণ ও যুবসমাজের একটি অংশ মাদকাসক্তির ঝুঁকিতে পড়েছে। নতুন মাঠ নির্মাণের মাধ্যমে তাদের খেলাধুলায় সম্পৃক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আসাদুল হাবিব দুলু জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে আবারও প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। ধারাবাহিকভাবে এ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনাও রয়েছে। এর ফলে তরুণদের খেলাধুলায় অংশগ্রহণ ও আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

ত্রাণমন্ত্রী আরও বলেন, যেসব উপজেলায় এখনো স্টেডিয়াম নির্মাণ করা হয়নি, সেসব উপজেলায় স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। খেলাধুলার প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হলে দেশের খেলোয়াড়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

এ সময় লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

Muktomon/TA