লোহাগাড়ায় প্রতিমন্ত্রীর গাড়িতে বিএনপি নেতার বসাকে কেন্দ্র করে উত্তেজনা

চট্টগ্রামের লোহাগাড়ায় উত্তেজনার মধ্যে প্রতিমন্ত্রীর পতাকাবাহী গাড়ির ওপর উঠে পড়েন এক ব্যক্তি
চট্টগ্রামের লোহাগাড়ায় উত্তেজনার মধ্যে প্রতিমন্ত্রীর পতাকাবাহী গাড়ির ওপর উঠে পড়েন এক ব্যক্তি

চট্টগ্রামের লোহাগাড়ায় ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারের সরকারি পতাকাবাহী গাড়িতে বিএনপির এক নেতার বসাকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে এক ব্যক্তিকে প্রতিমন্ত্রীর গাড়ির ওপর উঠে পড়তে দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রতিমন্ত্রী গাড়ি পরিবর্তন করে অন্য একটি গাড়িতে গন্তব্যে যান।

শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিবিরবিলা শান্তি বিহার কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রতিমন্ত্রীর। ঘটনার একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানা গেছে, কক্সবাজার বিমানবন্দর থেকে লোহাগাড়ার উদ্দেশে রওনা হওয়ার পর প্রতিমন্ত্রীর সরকারি গাড়ির সামনের আসনে বসেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনয়নে সংসদ নির্বাচনে অংশ নেওয়া নাজমুল মোস্তফা আমিন। এ নিয়ে বিএনপির অপর পক্ষের নেতাকর্মীদের মধ্যে আপত্তি তৈরি হয়। নাজমুল মোস্তফা আমিন ও আসহাব উদ্দিন চৌধুরীর অনুসারীদের মধ্যে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

চকরিয়ার গয়ালমারা এলাকায় আসহাব উদ্দিন চৌধুরীর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে অবস্থান নিয়েছিলেন তাঁর অনুসারীরা। সেখানে প্রতিমন্ত্রীর গাড়িতে নাজমুল মোস্তফা আমিনের অবস্থান নিয়ে আপত্তি জানান আসহাব উদ্দিন চৌধুরী ও সাবেক ছাত্রদল নেতা ফজলুর অনুসারীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রতিমন্ত্রী গাড়ি পরিবর্তন করেন। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী সোহেল ও লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা এটিএম জাহিদ চৌধুরী উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে প্রতিমন্ত্রীর গাড়িতে নাজমুল মোস্তফা আমিনকে দেখে কয়েকজনকে বিক্ষোভ করতে দেখা যায়। একপর্যায়ে একজনকে গাড়ির ওপর উঠে পড়তেও দেখা যায়। পরে প্রতিমন্ত্রী গাড়ি থেকে নেমে অন্য একটি গাড়িতে ওঠেন।

এ বিষয়ে লোহাগাড়ার বিএনপি নেতা দেলোয়ার হোসেন বলেন, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর গাড়িতে কে বসবেন, সেটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এ নিয়ে গাড়ি আটকে বিক্ষোভ করা কিংবা গাড়ির ওপর উঠে হুমকি দেওয়ার মতো আচরণ গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, এ ধরনের ঘটনা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। অভ্যন্তরীণ বিরোধের কারণে অতীতেও লোহাগাড়ায় বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজনীতিতে পেশিশক্তির পরিবর্তে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ থাকা উচিত।

সাবেক সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, প্রতিমন্ত্রী অতিথি হিসেবে লোহাগাড়ায় এসেছেন। তাঁকে যথাযথ সম্মান জানানো তাঁদের দায়িত্ব ছিল। তবে একজন ব্যক্তি প্রতিমন্ত্রীর পতাকাবাহী গাড়িতে উঠে পড়েন, যা শিষ্টাচারবহির্ভূত।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, নাজমুল মোস্তফা আমিন ও আসহাব উদ্দিনের অনুসারীরা দুটি স্থানে অবস্থান নিয়েছিলেন। প্রতিমন্ত্রীর গাড়িতে নাজমুল মোস্তফা আমিন থাকায় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এর বাইরে বিস্তারিত তাঁর জানা নেই।

চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে বিএনপির কোনো নেতা বা কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Muktomon/TA