মুফিজুর রহমান নাহিদ : দেশের পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, এসব এলাকার যোগাযোগব্যবস্থা, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভালো সড়ক যোগাযোগ নিশ্চিত হলে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের সুযোগ-সুবিধা বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিও গতিশীল হবে।
শনিবার সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নবাসীর আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজাগঞ্জ রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির অন্যতম এলাকা। তবে সেখানে যাওয়ার পথে রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখে তিনি কষ্ট পেয়েছেন। পিছিয়ে পড়া এলাকাগুলোর উন্নয়নে বিশেষ নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, রাজাগঞ্জের উন্নয়নে তিনি সবসময় পাশে থাকবেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সহযোগিতা করবেন। এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে কানাইঘাটের সংসদ সদস্য মুফতি আবুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সালসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Muktomon/TA