গাজীপুর প্রতিনিধি : মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গাজীপুরে ‘মাদক-সন্ত্রাস-চাঁদাবাজবিরোধী নাগরিক আন্দোলন’-এর ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) গাজীপুর জেলা শহরের পিটিআই অডিটোরিয়ামে সংগঠনটির প্রথম সভায় আগামী তিন বছরের জন্য সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সাতজন সম্পাদকীয় সদস্য রয়েছেন।
নবগঠিত কমিটিতে গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক এ কে এম রিপন আনসারীকে সভাপতি এবং গাজীপুর পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি মো. মোসাদ্দিকুর রহমান হাজী মুছাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির সহসভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাসিবুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া। সাংগঠনিক সম্পাদক হয়েছেন গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন।
এ ছাড়া দপ্তর সম্পাদক পদে মো. আসাদুল্লাহ এবং প্রচার সম্পাদক পদে রোকনুজ্জামান সুমন নির্বাচিত হয়েছেন।
সভায় নবনির্বাচিত নেতারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সাধারণ নাগরিকদের সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্ব দেন।
নবনির্বাচিত সভাপতি এ কে এম রিপন আনসারী বলেন, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজবিরোধী নাগরিক আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
Muktomon/TA