ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজের আহ্বান ইউএনওর

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে পৌরসভা
কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে পৌরসভা

আলমগীর মোল্লা : ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মশক নিধনের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়েছেন কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

তিনি বলেন, কোথাও পানি জমে থাকলে তা মশার প্রজননস্থলে পরিণত হতে পারে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে উপজেলা সরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনার সময় তিনি এসব কথা বলেন।

ইউএনও বলেন, কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম নিয়মিতভাবে চালানো হবে। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস এবং জনসমাগমস্থলের আশপাশ পরিষ্কার রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পৌরসভার সচিব শ্যামল কুমার দত্ত, হিসাবরক্ষক মো. দুলাল মোড়ল, এমওডিসি ডা. মো. আল-আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. জিসেলী ঘোষ মুনমুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি অপসারণ করা হয়। পাশাপাশি সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় বাড়িঘর, বিভিন্ন প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার জন্য স্থানীয়দের সচেতন করা হয়।

Muktomon/TA